রাজবাড়ীতে যুবক-যুবতীর লাশ উদ্ধার
রাজবাড়ী সদর থানা পুলিশ আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার পদ্মার চর থেকে যুবক-যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান প্রথম আলোকে জানান, উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চর নারায়ণপুর এলাকার একটি তামাকের খেতে লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আজ বেলা দেড়টার দিকে অজ্ঞাত যুবক (৩০) ও যুবতীর (২৪) লাশ উদ্ধার করে। লাশ দুটির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত যুবকের পরনে সাদা-কালো চেক শার্ট ও কালো প্যান্ট এবং যুবতীর পরনে সাদা সালোয়ার ও কালো রঙের কামিজ ছিল। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরিদর্শক আরও জানান, লাশের ধরন দেখে মনে হচ্ছে গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর লাশ দুটি ওই পদ্মার চরে ফেলে রেখে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় জোড়া খুনের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।