রাজবাড়ীতে যুবদলের নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি মোড়ের কাছে গতকাল বৃহস্পতিবার রাতে যুবদলের নেতা সুমন হককে (২৬) ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সুমন পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিনোদপুর গ্রামের ফজলুল হকের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিনোদপুর বাজারে পাওয়ার হাউসের কাছে রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি মুঠোফোনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশটি সুমন হকের বলে শনাক্ত করা হয়। তাঁর গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। রাজবাড়ী রেলওয়ে মাঠে মেলা দেখে বাড়ি ফেরার পথে সুমনের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই চারজনকে আটক করেছে পুলিশ।সুমনের বাবা ফজলুল হকের দাবি, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ছেলেকে হত্যা করেছে। তিনি নিজে বাদী হয়ে আজ শুক্রবার রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমান জানান, এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।