রাজবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের ভাটশালা গ্রামের ভূমিহীন পাড়ার পাশে আজ মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. আবদুল আজিজ (৩৮) ও দীপু কুমার দাস (৩০)। তাঁরা দুজন যথাক্রমে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) প্রধান ও সেকেন্ড ইন কমান্ড বলে র‌্যাব-৮ সূত্রে জানা গেছে।র‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, নিহত আবদুল আজিজ ও দীপু কুমার দাস একই দলের হলেও তাঁরা দুজন দলের ভেতর দুটি ভিন্ন গ্রুপের নেতৃত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এই বিরোধের খবর র্যাবের কাছে পৌঁছালে তাঁরা এলাকায় সশস্ত্র টহল জোরদার করেন। আজ ভোরের দিকে র‌্যাব-৮-এর একটি দল টহলরত অবস্থায় কসবা মাজাইল ইউনিয়নের ভাটশালা গ্রামে পৌঁছালে গোলাগুলির শব্দ শুনতে পায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব সদস্যরা বুঝতে পারে সেখানে চরমপন্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে।এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বিবদমান দুই গ্রুপের সদস্যরা এক হয়ে র‌্যাবের ওপর গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট স্থায়ী গুলি বিনিময় শেষে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে। তাঁরা দুজনই চরমপন্থী দলের দুই গ্রুপের নেতৃত্বে ছিল বলে র‌্যাব নিশ্চিত হয়েছে।আবদুল্লাহ আল মাহমুদ আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি শাটার গানের গুলি, দুটি এলজি, একটি এলজির গুলি, একটি রামদা ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।