রাজবাড়ীতে শীত মৌসুমেও খেজুর গুড়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলায় ইটের ভাটাগুলোতে জ্বালানি হিসেবে খেজুরগাছের ব্যবহার ও গাছির সংকটসহ নানা কারণে কয়েক বছর ধরে খেজুর গুড়ের সংকট দেখা দিয়েছে। ফলে চলতি শীত মৌসুমে অসাধু ব্যবসায়ীরা খেজুরের গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে নকল পাটালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে ইটভাটার মালিকেরা গ্রামাঞ্চল থেকে ব্যাপক হারে খেজুরগাছ সংগ্রহ করে ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। ফলে জেলায় খেজুরগাছের সংখ্যা ব্যাপক হারে কমে গেছে। পাশাপাশি গাছে ওঠা অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ হওয়ার কারণে গাছিরাও এ পেশার প্রতি তাঁদের আগ্রহ হারিয়ে ফেলছেন। এ কারণে খেজুর গুড়ের জন্য বিখ্যাত রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী ও গোয়ালন্দ উপজেলায় দেখা দিয়েছে খেজুর গুড়ের সংকট। এ ছাড়া এর দামও চড়া। এক কেজি খেজুর গুড় ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা চিনি ও ক্ষতিকর রং দিয়ে নকল পাটালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন। আর কাঁচা রস তো একেবারেই পাওয়া যায় না বললেই চলে। এর পরও খেজুর গুড় তৈরি একেবারে থেমে নেই। সদর উপজেলার পাচুরিয়া এলাকার নিজাম মণ্ডল (৪০) ও আবুল হোসেন (৪৫) জানান, তাঁরা এক মৌসুমের জন্য গাছপ্রতি গাছিকে ৯০ টাকা করে ভাড়া দিয়েছেন। রাজশাহীর বাঘা এলাকা থেকে আসা গাছিরা এ এলাকার কয়েক শ খেজুরগাছ থেকে নিয়মিত রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ কেজির মতো গুড় তৈরি হয়। তাঁরা প্রতিকেজি গুড় পাইকারি ৬০ টাকা দরে বিক্রি করেন। কয়েক বছর আগেও স্থানীয় গাছিদের দিয়ে গাছ কেটে রস সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে গাছির অভাব দেখে অনেকেই গাছ থেকে রস সংগ্রহ বন্ধ করে দিয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা গাছি জিয়ারুল ইসলাম (৩৫) ও নাসিম মণ্ডল (৪৫) জানান, তাঁরা এ এলাকার কয়েক শ খেজুরগাছ থেকে নিয়মিত রস সংগ্রহ এবং তা দিয়ে গুড় তৈরি করছেন। এ জন্য প্রতিবছর শীত মৌসুমে শহরের আশপাশের গ্রামাঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে থাকেন এবং এ কাজ করেন। গোয়ালন্দের উজানচরের নেফাজ উদ্দিন বিশ্বাস (৬৫), কুঠি পাচুরিয়া গ্রামের শিক্ষক আবদুল মজিদ (৬০) ও দৌলতদিয়ার আবুল কাশেমসহ (৫০) কয়েকজন জানান, কয়েক বছর আগেও গোয়ালন্দে ব্যাপক হারে খেজুরের গুড় তৈরি হতো। প্রচুর পরিমাণ গুড় এলাকার বাইরেও পাঠানো হতো। কিন্তু এখন খেজুরের খাঁটি গুড় মেলানোই কষ্টকর।এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘দামে কম ও জ্বালানি হিসেবে খেজুরগাছের ব্যাপক চাহিদা থাকায় ইটভাটার মালিকেরা গ্রামাঞ্চলে ঢুকে তা কিনে নিচ্ছেন। ফলে দিন দিন খেজুরগাছের সংখ্যা কমে আসছে। এ ছাড়া গুড়ের চেয়ে চিনির দাম কম থাকায় অধিক লাভের আশায় অনেক গাছি ও কৃষক গুড় তৈরির সময় চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন। এ বিষয়ে আমরা বিভিন্ন সভা ও সেমিনারের মাধ্যমে কৃষকদের সচেতন করে তুলছি এবং রাস্তা বা জমির আল দিয়ে খেজুর ও তালগাছ লাগানোর পরামর্শ দিচ্ছি।’