রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার ফেলুর দোকান এলাকায় স্থানীয় ওরস শেষে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। ট্রাকের ধাক্কায় যাত্রীবোঝাই একটি নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাঁশগ্রামের আজিজ মুন্সি (৬০), দোপাকেল্লা গ্রামের ইউছুপ আলী (৪০) ও আবদুর রশীদ (৫৫)। গুরুতর আহত নয়জনকে রাজবাড়ী সদর ও তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট কালীশংকর এলাকায় বাত্সরিক ওরস মাহফিল অনুষ্ঠান শুরু হয়। জেলার বিভিন্ন স্থানের কয়েক হাজার মানুষ এতে যোগ দেয়। রাত দুইটার দিকে ওরস শেষে তারা ফিরছিল। এ সময় ওরস যাত্রীবাহী একটি নসিমনকে ফরিদপুরগামী ট্রাক ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে যাত্রীরা ছিটকে পড়ে। আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জনৈক নিহতের আত্মীয় শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাত ওই ট্রাকচালককে আসামি করে আজ শুক্রবার সকালে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।