রাজমিস্ত্রি সোনা গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সোনা গাজী ঢাকা নগরে রাজমিস্ত্রির কাজ করেন। নগরে আছেন ২০ বছর ধরে। প্রতিদিন সকালে মোহাম্মদপুর বাজারে কাজের জন্য দাঁড়ান। কোনো দিন কাজ পান, আবার কোনো দিন কাজ না পেয়ে বাসায় ফিরে যান। দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করলে ৫০০ টাকা মজুরি নেন সোনা গাজী।সোনা গাজী জানান, ডেভেলপার কোম্পানিতে কাজ করলে প্রতিদিনই কাজ করতে পারেন। ডেভেলপার কোম্পানিগুলো রোজ দেয় ৪০০ টাকা, আর দেয় নাস্তার টাকা। সেখানে কাজ করতে হয় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অনেক জায়গায় দুবেলা কাজ করতে হয়। ডেভেলপার কোম্পানির বহুতল ভবনে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। মায়ের নিষেধ থাকায় সোনা গাজী দোতলার ওপরে কোনো ভবনে ওঠেন না। বেছে বেছে কাজ করেন বলে কাজ কম পান। বছর তিনেক আগে সোনা গাজীর ছোট ভাই রউফ কাঁটাসুরের ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে পঙ্গু হয়ে বাড়িতে আছেন। রউফ দেড় বছর পঙ্গু হাসপাতালে ছিলেন।সোনা গাজী জানান, ঘরের ভিটা বিক্রি করে তাঁর ভাইয়ের চিকিৎসা করিয়েছেন। তার পরও সোয়া লাখ টাকা ঋণ আছে। এখন ভিক্ষা করা ছাড়া ভাইটার আর কোনো পথ নেই। সোনা গাজী বলেন, ‘মা কইছিল, রাজমিস্ত্রির কাম ছাইড়া দিতে। অন্য কোনো কাম জানি না। আগে আমি মেসে থাকতাম। ভাইয়ের দুর্ঘটনার পর এক হাজার ৫০০ টাকা ঘরভাড়া দিয়ে থাকি। আমার একটা পোলা আছে। জগন্নাথ কলেজে পড়ে। বিকেলে জাম, তাল, ডাব আর রাতে সেদ্ধ ডিম বিক্রি করে। সকালে রান্না করে ছেলেকে খাওয়াইয়া কলেজে পাঠাই। আমি কাজ-কাম কইরা আইসা আবার রান্না করি।’সোনা গাজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল গ্রামে। বাড়িতে তাঁর মা ও স্ত্রী আছে। তাঁর ভাই রউফের দুটো মেয়ে আছে। পুরো সংসারের ভার সোনা গাজীর কাঁধে। তিনি বলেন, ‘আমার ইনকামে তাদের খাওয়া-দাওয়া হয়। যেদিন কাজ পাই না, সেদিন বাড়ির মুখগুলো চোখের সামনে ভাসে। তখন মনে হয়, ডেভেলপার কোম্পানিতে কাজ নিই।’