রাজশাহী, চলনবিলে তামাক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকের চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক চাষি। উর্বর জমি নষ্ট, তামাকের দাম কম পাওয়া ও সচেতনতার কারণে চলনবিল এলাকা ও রাজশাহীতে এবার তামাকের চাষ উল্লেখযোগ্যহারে কমেছে। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোরের চলনবিল এলাকা থেকে তামাক চাষ বলতে গেল উঠে যাচ্ছে। ওই এলাকার কৃষকেরা ফের ধান ও সবজি চাষের দিকে ঝুঁকছেন। গত বছর এই এলাকায় ৩৬০ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছিল। এবার চাষ হয়েছে মাত্র ৪২ হেক্টরে। এর মধ্যে বড়াইগ্রামে ৪০ হেক্টর, চাটমোহরে দুই হেক্টর ছাড়া আর কোথাও তামাকের চাষ হয়নি। তাড়াশের দৌবিলা গ্রামের কৃষক নূরুজ্জামান তালুকদার বলেন, ‘গত বছর তিন বিঘা জমিতে তামাক চাষ করে প্রতি বিঘায় দুই হাজার টাকা করে লোকসান গুনতে হয়েছে। তামাক আবাদে বেশি শ্রম দিতে হয় এবং মজুরি দিতে হয় দ্বিগুণ। তাই এবার বোরো করছি। সঙ্গে রসুন, পেঁয়াজ শাক-সবজি করছি।’ তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ম ম আমজাদ হোসেন বলেন, ‘চলনবিলের মাটি বেশ উর্বর। এই অঞ্চলের মাটি রক্ষায় তামাক চাষে সহায়তা না করার জন্য তামাক কোম্পানিগুলোকে চিঠি দিয়েছিলাম আমরা।’কৃষকদের নিয়ে ব্যাপক সচেতনতামূলক কর্মকাণ্ড চালানোয় এ মৌসুমে নাটোর জেলায় তামাকের তেমন চাষ হয়নি। এর বদলে রসুন, তরমুজ, বাঙ্গি চাষ করে লাভবান হয়েছেন কৃষক। নাটোর কৃষি বিভাগের উপপরিচালক এম দেলোয়ার হোসেন বলেন, তামাক কোম্পানিগুলো বেশি লাভের লোভ দেখানোয় কৃষক গত বছর ৪০০ হেক্টর জমিতে চাষ করেছিল। এতে অন্য ফসল ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়েছিল। কিন্তু সচেতনতামূলক কর্মকাণ্ড চালানোয় এবার তামাকের চাষ অনেকটাই কমে গেছে।গত বছর রাজশাহীর গোদাগড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি তামাকের চাষ হয়েছিল। এই ইউনিয়নের কদম শহর গ্রামের কৃষক আলমগীর ১৩ বিঘা জমিতে তামাকের চাষ করেছিলেন। তিনি এবার তামাকের চাষ ছেড়ে দিয়ে অন্য ফসলের আবাদ করেছেন। রাজশাহীর কোনো উপজেলায়ই এবার গতবারের মতো তামাক চাষ হয়নি।