রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আধাবেলা হরতাল পালিত
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ডাকা আজ বুধবারের আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।রাজশাহী: রাজশাহীতে হরতাল চলাকালে কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে নাশকতার আশঙ্কায় শহরের প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নাটোর: নাটোরে হরতালের সমর্থনে ছাত্রশিবির সকাল সাতটায় সদর উপজেলার দত্তপাড়া, বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় ও বনপাড়ায় ঝটিকা মিছিল করে। এ সময় তারা পাঁচটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়। এ ছাড়া সকাল ১০টার দিকে শিবিরের নেতা-কর্মীরা নাটোর-পাবনা সড়কের ধানাইদহ ও কদমচিলানে ১০টি ট্রাক ও ভটভটি ভাঙচুর করেন। জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান বলেন, হরতালে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। কোনো ধরনের সহিংসতার খবরও পাওয়া যায়নি।চাঁপাইনবাবগঞ্জ: ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে, ইট ও কাঠের গুঁড়ি ফেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা যান চলাচল বন্ধ করে দেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও র্যাব অবরোধ সরাতে গেলে শিবিরের নেতা-কর্মীরা পিছু হটেন। পরে আবারও তাঁরা ওই স্থানে অবস্থান নেন। এ সময় পিকেটাররা স্বরূপনগর ও রাজারামপুরে দুটি ট্রাক ভাঙচুর করে । গতকাল মঙ্গলবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আধাবেলা হরতালের ডাক দেয় শিবির। শিবিরের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা-বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক আতিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে আজ তিন জেলায় হরতাল পালন করল শিবির।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর প্রতিনিধি)