রাজশাহী, বগুড়া যশোর ও রায়পুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রলীগ একই স্থানে একই সময় কর্মসূচি ঘোষণা করায় আজ বুধবার রাজশাহী, বগুড়া, যশোর ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ নানা দাবিতে ওই সব এলাকায় সমাবেশ ডেকেছিল জামায়াত। অন্যদিকে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ডাকে ছাত্রলীগ ও যুবলীগ।অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় আধা বেলা হরতাল ডেকেছে সংগঠনটি। শিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবিরের সমাজসেবাবিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।এর মধ্যে মোস্তাফিজুরের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। আতিকুরের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। স্থানীয় শিবিরের নেতারা গতকাল মঙ্গলবার বৈঠক করে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় হরতালের ডাক দেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ স্থানীয় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও সঞ্চারকলিপি প্রদান করা। একই দিন রাজশাহীতে আধা বেলা হরতাল ডাকে ইসলামী ছাত্রশিবির। অপরদিকে আওয়ামী লীগ মহানগরের সব থানায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান প্রথম আলোকে বলেন, একই দিনে তিন দলের কর্মসূচি পালন নিয়ে বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ঘটতে পারে। এ কারণে মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮, ২৯ ও ৩০ অনুযায়ী আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।বগুড়া: আজ বেলা তিনটার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ ডাকে জামায়াত। একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দিলে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।যশোর: শহরের দড়াটানা ও আশপাশের এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ব্যাপারে জেলা জামায়াতের আমির আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, দড়াটানায় সমাবেশের জন্য ২৬ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছিল। পরে ছাত্রলীগ ষড়যন্ত্রমূলকভাবে একই স্থানে সমাবেশ ডাকে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে দড়াটানায় সমাবেশ ডাকা হয়েছে।’রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আজ বিকেলে জামায়াতে ইসলামী ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করেছিল।