রাজশাহী, সিরাজগঞ্জ বগুড়ায় পুলিশ-অবরোধকারী সংঘর্ষ
রাজশাহী, সিরাজগঞ্জ ও বগুড়ায় আজ রোববার ১৮ দলের অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। মিছিল করার সময় অবরোধকারীদের সঙ্গে অবরোধবিরোধীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ওয়ারেস আলী (৬০) নামে জামায়াতের এক কর্মী নিহত হন। তবে পুলিশ দাবি করছে, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।রাজশাহী: রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় আজ পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি গুলি ও রাবার বুলেট ছুড়েছে।এর আগে সকাল সাতটার দিকে নগরের কাপাসিয়া এলাকার মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে অবরোধকারীরা। একই সময়ে তারা পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সকাল থেকে দূরপাল্লাসহ বাগেরহাটের কোনো রুটেই যানবাহন চলাচল করতে দেখা যায়নি।সিরাজগঞ্জ: ১৮ দলের অবরোধকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভোর পৌনে ছয়টার দিকে অবরোধকারীরা যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে অবরোধকারীদের প্রায় তিন ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে জেলার এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, ১৮ দলের নেতা-কর্মীরা সকাল আটটার দিকে এনায়েতপুরে মিছিল বের করেন। চলে যাওয়ার সময় অবরোধবিরোধীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে জামায়াতের কর্মী ওয়ারেস আলী পড়ে যান। স্থানীয় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হূদরোগে আক্রান্ত ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন বলে ওসি দাবি করেন। বগুড়া: আজ সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার বনানী লিচুতলা এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে অবরোধকারী যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে ওই গাড়ির চালকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আগুনে পুড়ে যায় গাড়িতে থাকা পুলিশের তিনটি নতুন মোটরসাইকেল। খবর পেয়ে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০-৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করেছে।এছাড়াও সকাল ছয়টার দিকে বগুড়া শহরের মাটিডালি বিমানমোড় এলাকায় অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। একই সময়ে শহরের লিচুতলা, শাহজাহানপুরসহ কয়েকটি স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ২০টি বাসে ভাঙচুর চালায় অবরোধকারীরা।