রাজশাহী আওয়ামী লীগে তামাশা আর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর ধরে রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটি নেই। দুই বছর আগে কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে দিলেও পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি। ফলে জেলা আওয়ামী লীগের কমিটি এখন দুই সদস্যের।রাজশাহীর মহানগর আওয়ামী লীগ কাজ করছে মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে কেন্দ্র করে। কিন্তু মেয়র হওয়ার পর তিনি কমিটি ছাড়েননি। তবে একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছেন। আবার কেন্দ্রে তিনিই মহানগর কমিটির প্রতিনিধিত্ব করেন। ফলে প্রভাব পড়ছে সাংগঠনিক কাজ।দলের প্রবীণ ও মাঝ পর্যায়ের ত্যাগী নেতারা বলছেন, মূলত সিটি করপোরেশনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ঘিরে লিটনের নেতৃত্বে মহানগর কমিটির কিছু নেতা-কর্মী সক্রিয় আছেন। একেই এখন দলের কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। যেসব নেতা-কর্মী এ প্রক্রিয়ার অংশ হতে পারেননি, তাঁরা দলের ভবিষ্যৎ নিয়ে হাপিত্যেশ করছেন।এ অবস্থায় জেলার ছয় সাংসদেরই দলের জীয়নকাঠি হওয়ার কথা। কিন্তু তাঁদের মধ্যে তিনজন সাংসদের সঙ্গে স্থানীয় ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের দূরত্ব আছে। এর কারণ, এই সাংসদেরা মূলত ব্যবসায়ী ও দলে নতুন। গত নির্বাচনে মনোনয়ন পেয়ে তাঁরা সাংসদ হয়েছেন। তাঁরা হলেন নির্মাণ ব্যবসায়ী এনামুল হক, তৈরি পোশাক ব্যবসায়ী শাহরিয়ার আলম ও আবদুল ওয়াদুদ। তিনজনই নিজেদের নির্বাচনী এলাকার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছেন। নিজেদের মতো করে কমিটি করেছেন। কেন্দ্র বা জেলা কমিটি থেকে এসবের কোনো অনুমোদন পাওয়া যায়নি। ফলে মাঠপর্যায়ে দলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কর্মীরাও হতাশ হয়ে পড়ছেন।আওয়ামী লীগের অবস্থা: ‘সভাপতি আর সাধারণ সম্পাদক ছাড়া জেলা আওয়ামী লীগে কোনো নেতা নেই। দলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও হয় না। বেশির ভাগ দলীয় সাংসদের সঙ্গে একশ্রেণীর সুবিধাবাদী ঘুরে বেড়াচ্ছে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন দিন দিন কমছে। আগামী দিনে আওয়ামী লীগকে এর মাশুল দিতে হবে। দুঃসময়ে ডেকে আর কাউকে পাওয়া যাবে না।’জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এসব কথা বলেন।ছয় বছর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বছর দেড়েক আগে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দিলেও তা ঝুলে আছে। রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। ২০০৫ সালের কাউন্সিলের মাধ্যমে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। সভাপতি সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। তারপর দুই নেতা একমত না হওয়ার কারণে এ কমিটি আর পূর্ণাঙ্গ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা আওয়ামী লীগ কোনো সভায় বসতে পারেনি।২০০৯ সালে সাবেক কিছু ছাত্রনেতার উদ্যোগে এ দু্ই নেতার মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। এরপর কেন্দ্রের নির্দেশে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত হয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি জমা দেন। তা এখনো অনুমোদন হয়নি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার পরও কমিটি পাওয়া যাচ্ছে না। তদবির করেও লাভ হয়নি। কমিটি না থাকায় দলীয় কাজের গতি কমাই স্বাভাবিক।চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক প্রথম আলোকে বলেন, জেলা কমিটি না থাকায় উপজেলা পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো কাজ করতে পারছে না। তিনি বলেন, দল ক্ষমতায় আসার পর কোনো সাংগঠনিক কার্যক্রম হচ্ছে না।বাঘা উপজেলার তলসীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বুঝতেই পারছি না যে দল ক্ষমতায় আছে। বিরোধী দলে থাকার সময় বোধ হয় আমাদের এর চেয়ে বেশি মূল্যায়ন হয়েছে।’রাজশাহী জেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নেই। এমনকি একটি কার্যালয় পর্যন্ত নেই। এদের উদ্যোগে ১৫ আগস্ট বা ২৬ মার্চের মতো কোনো জাতীয় দিবসও পালিত হয় না। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। তাঁরা কোনো উপজেলায়ও কোনো কর্মসূচিতে যান না।জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকও বলেন, ‘দলের সাংগঠনিক অবস্থা ভালো নয়। স্থানীয় সাংসদেরাই এখন সব করছেন। তাঁরা মনে করেন, আমরা বাতিল, পুরাতন। আমাদের কোনো মূল্য নেই। তাঁরা আমাদের শত্রু মনে করেন। তাঁরা তো রাজনীতি করে আসেননি। আমরা যে কিছু করব, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণে কিছু করতে পারছি না।’তাজুল ইসলাম আরও বলেন, ‘আমার নিজের প্রতিষ্ঠা করা শিক্ষাপ্রতিষ্ঠানে আমি সভাপতি, অথচ সেখানে স্থানীয় সাংসদের অনুমতি ছাড়া কিছু করা যাচ্ছে না। দুঃখ রাখার জায়গা নেই। আমিও সাংসদ ছিলাম।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তিনি জনসম্পৃক্ত নেতা বলে উল্লেখ করেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তানোর-গোদাগাড়ি আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, সাংগঠনিক অবস্থা ভালো করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে কমিটি না থাকায় সমস্যা হচ্ছে।মহানগর আওয়ামী লীগ: রাজশাহীর মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মারা যাওয়ার দুই বছর পর এক নম্বর সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এ কমিটির মেয়াদ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সময়ে সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহী সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর একজন ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন। একজন সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে। একজন পদত্যাগ করেছেন। আর দুজন মারা গেছেন। ২০০৫ সালে তিন বছরের জন্য নির্বাচিত ৭১ সদস্যের এ কমিটির বেশির ভাগই এখন নিষ্ক্রিয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সাধারণ সম্পাদকের পদ থেকে মেয়র খায়রুজ্জামান এখনো পদত্যাগ করেননি। অথচ শফিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আবার মেয়র ঢাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রতিনিধিত্ব করেন। মাঝেমধ্যে স্থানীয়ভাবেও করেন। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বানাতে হলে অবশ্যই নির্বাচিত সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। এভাবে সংগঠন চলতে পারে না।’রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান বলেন, ‘সাধারণ সম্পাদক এলাকায় থাকলেও অসুস্থতা বা অন্য কারণে আরেকজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া যায়। এ রকম নজির কেন্দ্রীয় আওয়ামী লীগেও আছে। আমাদের সাংগঠনিক কোনো সমস্যা নেই। দল ভালোই চলছে।’সাংসদদের নিয়েও হতাশা: রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম চারঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক, পৌর সভাপতি মোজাফফর হোসেনসহ চারজন নেতাকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় পাঠিয়েছেন। জেলা তা অনুমোদন করেনি।রায়হানুল হক প্রথম আলোকে বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে এখন দলের সাংসদের কাছে অপমানিত হচ্ছি। ইচ্ছামতো তিনি দলের ত্যাগী নেতা-কর্মীদের দল থেকে বের করে দিচ্ছেন। আর তাঁর পছন্দমতো লোকদের দিয়ে আওয়ামী লীগ চালানোর চেষ্টা করছেন।’ রায়হানুল হক এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।শাহরিয়ার আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, গত সংসদ ও উপজেলা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।এনামুল হক বাগমারার সাংসদ হওয়ার পর উপজেলা নেতা অনিল সরকারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেন। অনিল সরকার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।অনিল সরকার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ নতুন এসে ৩০ বছরের পুরোনো ত্যাগী নেতা-কর্মীদের দল থেকে বের করে দিচ্ছেন। তাঁর অপরাজনীতির শিকার এখন আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা।’ তিনি বলেন, ‘আমরা আর পারছি না। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে আমরা এলাকা ছেড়ে চলে যাব।’সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, অব্যাহতিপ্রাপ্তরা কেউ বাগমারায় থাকেন না। তাঁরা রাজশাহীতে বসে বাগমারার রাজনীতি করতে চান।রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়ে উপজেলা কমিটির সুপারিশ জেলা কমিটির কাছে রয়েছে। জেলা কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর এসব নিয়ে আলোচনা হবে।