রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতাকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক রাজশাহী থেকে জানান, জামায়াতের রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল মালেককে পুলিশ আজ ভোরে নগরের ছোটবন গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানার পুলিশ জানায়, গত ৩০ জুন সন্ধ্যায় নগরের সোনাদীঘি মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মোখলেসুর রহমানকে পুলিশ আজ সকালে গ্রেপ্তার করেছে । তিনি বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাসানুল হক জানান, সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বালুগ্রাম মোড় থেকে মোখলেসুরকে গ্রেপ্তার করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকদিন থেকে তিনি এ তৎপরতা চালাচ্ছেন বলে গোয়েন্দা সংস্থার কাছে খবর রয়েছে। তাঁকে থানায় নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।