রাজশাহী ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
রাজশাহীর মোহনপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার তিনজন নিহত হয়েছেন।আজ ভোরে রাজশাহীর মোহনপুর থানার মোড়ে ট্রাকের চাপায় শ্যামপুর হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মতিন এবং একজন মিশুকচালক নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধ্যক্ষ আবদুল মতিন ঢাকা থেকে রাজশাহী পৌঁছার পর মিশুকযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিশুককে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মিশুকচালকসহ আবদুল মতিন দগ্ধ হয়ে মারা যান। চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।এদিকে আজ সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত করিমন দুর্ঘটনায় আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নতিপোতা গ্রাম থেকে যাত্রীবাহী একটি করিমন দামুড়হুদা বাজারে আসার সময় চিতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই করিমনের যাত্রী আছিয়া বেগম নিহত হন।