রাজশাহী ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়েরই সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক মাহবুবর রহমান। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার আবদুল হামিদ আজ বুধবার এ বিষয়ে অনুমোদন দেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এখন আদেশ জারির প্রক্রিয়া চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি গত ২৫ ফেব্রুয়ারি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি ১০ মার্চ থেকে শূন্য ছিল।