রাজশাহী ও সিরাজগঞ্জের হরতালে সংঘর্ষ
রাজশাহী ও সিরাজগঞ্জে আজ মঙ্গলবার অর্ধদিবস হরতাল চলাকালে হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতালের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হন।সিরাজগঞ্জের রহমতগঞ্জ ও বহুলী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে। এ সময় এক পুলিশ সদস্যসহ ১১ জন আহত হন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল এ হরতাল ডাকা হয়। আজ রাজশাহী বিভাগের আটটি জেলায় বেলা দুইটা পর্যন্ত এ হরতাল চলে।রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটার দিকে নগরের বিনোদপুরে পুলিশের গাড়িতে আগুন দেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে গাড়ির কিছু অংশ পুড়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।সকাল সাতটার আগে শিবিরকর্মীরা নগরের হাদিরমোড় এলাকায় রাজশাহী-নাটোর সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। পুলিশ ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।সকাল নয়টার দিকে পিকেটাররা নগরের শালবাগান এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় তাঁরা সাধুর মোড় এলাকায় টায়ারে আগুন জ্বালান। রাজশাহী কলেজের সামনে টায়ারে আগুন ধরানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে।নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল্লাহ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, হরতালে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে আগামীকাল বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। সিরাজগঞ্জ: প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আজ ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের রহমতগঞ্জ এলাকায় এবং সদর উপজেলার বহুলী বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রহমতগঞ্জে ১৫টি রাবার বুলেট, পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বহুলী এলাকায় পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ব্যাপক লাটিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ দুই স্থানে পুলিশের এক সদস্যসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। সকালে সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকা অবরোধ করেন হরতালকারীরা। এতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এখানে অবরোধকারীরা একটি ট্রাক ও চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ ছাড়া সিরাজগঞ্জ-পাঙ্গাসী সড়কের বহুলীতে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।