রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ক্যাডারসহ রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে ছাত্রীরা। ছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে তারা সেখানে গেলে এ ঘটনা ঘটে।ছাত্রীদের আন্দোলন দমনের প্রতিবাদে ছাত্রদলের কর্মীরা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর হামলা করে। অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি রকি কুমার ঘোষ একটি মামলা করেছেন। ওই মামলায় বোয়ালিয়া থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—আশরাফুল আমিন, রুহুল আমিন ও আয়নাল হক। তাঁরা মহানগর ছাত্রদল শাখার কর্মী বলে জানা গেছে।ছাত্রীরা অভিযোগ করেন, তাঁদের ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক আজাদ শাহ চৌধুরী, আশরাফ আলী ও আবদুর রহিম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও নোংরা কথা বলেন। তা ছাড়া নিয়মবহির্ভূতভাবে জুন থেকে জুন ভর্তি দেখিয়ে তাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন।ছাত্রীরা এর প্রতিবাদ করলে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়কেরা রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান, রাজশাহী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি রকি ও সাধারণ সম্পাদক ববিনসহ ছাত্রলীগের ১০-১৫ জন ক্যাডার নিয়ে ছাত্রীনিবাসের ভেতরে ঢোকেন। ছাত্রলীগের ক্যাডাররা ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে ও মারধরের হুমকি দেয়। এ সময় ছাত্রীরা ছাত্রীনিবাসের অফিস কক্ষে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান তাঁদের উদ্ধারে ছাত্রীনিবাসের যান।মুঠোফোনে এ খবর ছড়িয়ে পড়লে কলেজের সাধারণ ছাত্র, সাংবাদিকেরা ছাত্রীনিবাসের বাইরে জড়ো হন।ছাত্রীদের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে বসার প্রতিশ্রুতি দিয়ে রাত সোয়া ১০টার দিকে কর্তৃপক্ষ বাইরে এলে ক্ষুব্ধ ছাত্রদলের কর্মীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে।ছাত্রলীগের মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামান বলেন, ‘যেকোনো সমস্যা হলে স্যাররা আমাদের বরাবরই ডাকেন। গতকাল যে কোনো সমস্যা হয়েছে সেটা স্যাররা বলেননি। বলেছেন এক কাপ চা খেয়ে যান। ছাত্রীনিবাসে যাওয়ার পর হতভম্ব হয়ে যাই। ছাত্রীরা আমাদের তালা বন্ধ করে দেয়।’ ছাত্রীদের গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘যেহেতু আমরা তালাবদ্ধ ছিলাম তাই গালাগালি করার প্রশ্ন উঠে না।’ কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, কলেজের অধ্যক্ষ ও প্রশাসনকে না জানিয়ে ছাত্রলীগের ছেলেদের ছাত্রীনিবাসে ডাকা তত্ত্বাবধায়কদের ঠিক হয়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ছাত্রীদের সঙ্গে সমঝোতা শেষে বেরিয়ে আসার সময় এ হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা করেছে তিনি তাদের চিনতে পারেননি।’ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘স্যাররা রাতে কেন মেয়েদের হোস্টেলে গিয়েছে তা জানতে আমাদের ছেলেরা গিয়েছিল। পরে বাতি নিভিয়ে ছাত্রলীগের নেতা ও শিক্ষকদের বের করে আনা হয়। এ সময় স্যারদের পেছনে থাকা দুজনের ধাক্কায় অধ্যক্ষ স্যার মাটিতে পড়ে যান। আমাদের নেতারা স্যারদের অফিস পর্যন্ত পৌঁছে দেয়।’