মজুরি কমিশন ঘোষণা, বাস্তবায়ন ও মজুরি বৈষম্য দূর করাসহ আট দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা রাজশাহী চিনিকলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। তাঁরা ৩১ অক্টোবর দেশের সব চিনিকলে পূর্ণদিবস ধর্মঘটসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। পরে রাজশাহী চিনিকলের মূল ফটকে মিলের আসবাব ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করেন। রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মৃধা সংবাদ সম্মেলনে বলেন, একই দাবিতে শ্রমিকেরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে চিনিকলগুলোতে বিক্ষোভ, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট ও বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প করপোরেশন ঘেরাও। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।নজরুল ইসলাম মৃধা প্রথম আলোকে আরও বলেন, ‘আজ থেকে দেশের চিনিকলের শ্রমিকেরা একযোগে আন্দোলনে যাচ্ছেন। দেশের ১৫টি চিনিকলে এ আন্দোলন শুরু হয়েছে।’শ্রমিকদের আট দফা দাবিগুলো হচ্ছে—অবিলম্বে জাতীয় মজুরি কমিশন ২০০৯ ঘোষণা ও বাস্তবায়ন, পে ও মজুরি কমিশনের মধ্যে বৈষম্য দূর করা, রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পে নিয়োজিত মজুরি কমিশনভুক্ত সব শ্রমিককে পে-কমিশনে অন্তর্ভুক্তকরণ, চিনিশিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, অর্থ মন্ত্রণালয়ের দপ্তারাদেশ-৯৫ মোতাবেক পেনশন সুবিধার আলোকে গ্রাচুইটি প্রদানসহ সংস্থার সদর দপ্তরের ন্যায় এলপিআর সুবিধা প্রদান, আগামী আখচাষে ভর্তুকি প্রদানসহ আখের মূল্যবৃদ্ধি এবং উত্পাদন ব্যয়ের সঙ্গে সংগতি রেখে চিনির মূল্য নির্ধারণ ও জিল বাংলা সুগার মিলকে যমুনা নদীর ভাঙন থেকে অবিলম্বে রক্ষা করার উদ্যোগ নেওয়া।