রাজশাহী জামায়াতের আমির আরও একটি মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আতাউর রহমানকে গত বছরের ৮ ফেব্রুয়ারির ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে আগের তিনটি মামলায় তিনি জামিন পেলেও ছাড়া পাননি এখনো।এদিকে আজ শুক্রবার নগরের তেরখাদিয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতাউর রহমানের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ইতিমধ্যে দুবার স্ট্রোক করলেও কারা কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিত্সার সুযোগ দিচ্ছে না। আদালত কয়েক দফা জামিন দিলেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে পুলিশ তাঁকে জেলহাজতে আটকে রেখেছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো আতাউর রহমান স্ট্রোক করলে তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। তাঁর উন্নত চিকিত্সার জন্য ২৩ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত ৬ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।কিন্তু পরের দিনই পুলিশ আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। ফলে আশঙ্কাজনক অবস্থায় তিনি কারাগারে রয়েছেন। মানবিক দিক বিবেচনা করে তাঁর চিকিত্সার জন্য জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আতাউর রহমানের বড় মেয়ে খালেদা নাসরিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমানের স্ত্রী ইসমত আরা, জামাতা জামায়াতের স্থানীয় নেতা ইমাজ উদ্দিন মণ্ডল।নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ২৫ নম্বর মামলায় আতাউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।