রংধনু নাট্যচক্রের কিছু উদ্যমী কর্মী এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা নাটকপ্রিয় মানুষের একান্ত প্রচেষ্টায় ১৯৮৫ সালের ২৭ ডিসেম্বর মাত্র ১৫ জন সদস্য নিয়ে শহরের রানীবাজার ভাংড়ি পট্টিতে বাদল মাতবরের বাড়ির দোতলায় যাত্রা শুরু হয়েছিল রাজশাহী থিয়েটারের। অনেক বাধা ডিঙিয়ে আন্দোলন-সংগ্রামের পথ ধরে সংগঠনটি এবার ২৫ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে হাতে নেওয়া হয়েছে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি।শুরুতে এর নাম রাখা হয়েছিল রাজশাহী থিয়েটার ৮৫। পরের বছর ১৯৮৬ সালে গ্রাম থিয়েটার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে নাম পরিবর্তন করে রাখা হয় রাজশাহী থিয়েটার। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ছিলেন তাজুল ইসলাম। তাঁদের নিজস্ব শিশু সংগঠন, লোকনাট্য ও গম্ভীরা সংগঠনটি মূলত গ্রাম থিয়েটারের চিন্তাচেতনা ও আদর্শ নিয়ে কাজ করে। পথনাট্যোত্সব, লোকনাট্যোত্সব, বাংলাদেশ গ্রাম থিয়েটার ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সম্মেলন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্মেলন জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিদের মাধ্যমে তারা কর্মশালা পরিচালনা করে। এ পর্যন্ত তারা ৪৫টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে আহসান কবির নির্দেশিত নাটক জনগণের পালা ২৬ বার ও কামার উল্লাহ সরকারের দাঁতের লড়াই ১৬ বার মঞ্চস্থ হয়েছে। রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত সংগঠনটি জন্মলগ্ন থেকেই বাঙালি জাতির শেকড় সন্ধানের মধ্যদিয়ে স্বকীয় নাট্য আঙ্গিক নির্মাণে বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘রাজশাহীর থিয়েটারের শিল্প সাধনা, সৃষ্টি এবং সামাজিক ও রাজনৈতিক আন্দোলন একই সুতায় গাঁথা। আমরা বিশ্বাস করি, সংস্কৃতিবিহীন শিক্ষা কখনো পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ রুখতে সংস্কৃতিই হতে পারে অন্যতম হাতিয়ার। এরই ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিজয় মঞ্চ, জনতার মঞ্চ, রাজশাহীতে টিভি স্টুডিও আন্দোলনে রাজশাহী থিয়েটার অগ্রণী ভূমিকা পালন করেছে।’রাজশাহী থিয়েটার গত বছরের ৮ ফেব্রুয়ারি ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের ঘাটে ভগীরথীর তীরে একটি বটগাছে গেছো নাটক অরণ্য ও মৌলবাদবিরোধী অন্য একটি মঞ্চনাটক মাথার ওপরে সাপ প্রদর্শন করে। নাটক দুটির রচনা ও নির্দেশনায় ছিলেন আহসান কবির। ভারতে এটাই প্রথম গেছো নাটক হওয়ায় সেখানে বিপুল দর্শকের সমাগম ঘটে। ওই বছরের ৯ ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, ‘গাছের ওপর নাটক করে চমকে দিল বাংলাদেশের নাট্যদল রাজশাহী থিয়েটার। এ নাটকের ৫৫ মিনিট সময় বস্ফািরিত চোখে স্থির হয়েছিল বহরমপুর।’ নাটকটি আনন্দবাজার পত্রিকার বর্ষসেরা ঘটনার তালিকায় স্থান পায়।১৯৯৯ সালে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে রাজশাহী থিয়েটারের নাটক দেওয়ানা মদিনা বিটিভিতে প্রদর্শিত হয়।এবারের রজতজয়ন্তী অনুষ্ঠানমালার শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে। এতে ভারতের পশ্চিমবঙ্গের নাট্যসংগঠন যুগাগ্নির আমি মেয়ে ও ঘুমের মানুষ, ঢাকা থিয়েটারের বিনোদিনী ও ধাবমান, দি অ্যাম্পিউটেশনের সিএটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের ভূমি কন্যা এবং রাজশাহী থিয়েটারের ভূতের ভয় সাড়া ফেলে দেয়।এ ছাড়া বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেমিনার, কর্মশালা ও পথনাট্যোত্সব। মার্চ মাসে হবে চলচ্চিত্র উত্সব। মে, জুন, জুলাই ও আগস্ট—এই চার মাসে চিত্রাঙ্কন, অভিনয়, আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। নভেম্বরে সংবর্ধনা ও ডিসেম্বরে লোকগীতি নৃত্য নাট্যোত্সব। সবশেষে প্রকাশ করা হবে রজতজয়ন্তী স্মারকগ্রন্থ।