রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত
রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে। গত রোববার থেকে তাঁরা এই ধর্মঘট ডাকেন। আজ সোমবারও ধর্মঘট চলেছে।১৯ বছর আগের নির্ধারিত বৃত্তি-ভাতা বৃদ্ধি, শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকট নিরসনসহ ১০ দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেছেন।শিক্ষার্থীরা জানান, নার্সিং কলেজে আগে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হতো। ২০০৭ সাল থেকে সেখানে বিএসসি ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স চালু করা হয়েছে। এই কোর্সে চার ব্যাচে ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।শিক্ষার্থীরা আরও জানান, তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ঘণ্টা করে পালাক্রমে ওয়ার্ডে দায়িত্ব পালন করে থাকেন। এ কাজে সরকার থেকে তাঁদের জন্য মাসিক বৃত্তি-ভাতার ব্যবস্থা রয়েছে। তাঁরা জানান, ১৯ বছর আগে ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য এই ভাতার পরিমাণ ছিল মাসে ৮৫০ টাকা। ১৯ বছর পরও তাঁদের ভাতার পরিমাণ একই রয়েছে।শিক্ষার্থীরা দাবিসংবলিত একটি স্মারকলিপি কলেজের অধ্যক্ষ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুন বলেছেন, ‘শিক্ষার্থীদের বৃত্তি-ভাতার ব্যাপারে আমাদের কিছু করার নেই। আমাকে স্মারকলিপি দিয়েছে। আমি ব্যবস্থা নেওয়ার জন্য সেবা পরিদপ্তরের পরিচালকের কাছে পাঠিয়ে দিয়েছি।’