রাজশাহী পলিটেকনিকে অনির্দিষ্টকালের ধর্মঘট
শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার নামে সেশন ফি বাড়ানোর প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অনির্দিষ্টকাল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, পার্টটাইম শিক্ষকদের ভাতা দেওয়ার অজুহাতে অতিরিক্ত সেশন চার্জ চাপিয়ে দেওয়া হয়েছে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার ১০ টাকা করে বর্ধিত ফি দিতে হবে। এ নিয়ে ১৫ দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা আরও জানান, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ভাড়া’ করা শিক্ষক দিয়ে শিক্ষা-কার্যক্রম চালানো এবং শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে প্রতি সেমিস্টারে অতিরিক্ত টাকা করে আদায় করা অবৈধ। এ জন্য তাঁরা ২০ ডিসেম্বরের মধ্যে এই ফি প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ ফি না কমানোয় ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী বলেন, ইনস্টিটিউটের শিক্ষকসংকট কাটাতে আটজন শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ওই শিক্ষকদের সম্মানী ভাতা (বেতন নয়) দিতে চলতি সেশন (২০১০-১১) থেকে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অতিরিক্ত ৩৭৫ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ছাত্রদের কাছে তিনি ১৫-২০ দিন সময় চেয়েছিলেন। এটা কমানো যায় কি না, চেষ্টা করে দেখবেন। কিন্তু ছাত্ররা এরই মধ্যে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।