রাজশাহী পলিটেকনিকে শিক্ষক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে ৭৭ জন শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র ৩৪ জন। এর মধ্যে পাঁচ বছর আগে ইলেক্ট্রমেডিকেল ও মেকাট্রনিকস নামের দুটি বিভাগ চালু হলেও এখনো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। দুজন অতিথি শিক্ষক রেখে কোনো রকমে গোঁজামিল দিয়ে চালানো হচ্ছে কাজ। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে মহানগরের সপুরা এলাকায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। প্রথম দিকে সিভিল, ইলেট্রিক্যাল ও মেকানিক্যাল—এই তিনটি বিভাগ নিয়ে এর যাত্রা শুরু হয়। এরপর সময়ের সঙ্গে পলিটেকনিক শিক্ষার চাহিদা বাড়ার পাশাপাশি বাড়তে থাকে এর বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীদের বাড়তি চাপ মোকাবিলার জন্য প্রতিষ্ঠানটিতে বর্তমানে দুই শিফট চলছে। ২০০৬ সালে ইলেক্ট্রমেডিক্যাল ও মেকাট্রনিকস নামের আরও দুটি বিভাগ চালু করা হয়।দ্বিতীয় শিফট চালুর সময় কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল, আরও ১০ শতাংশ শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু এ পর্যন্ত আর নতুন কোনো শিক্ষকই নিয়োগ করা হয়নি। আগের কাঠামো অনুযায়ী আটটি বিভাগে শিক্ষকের পদ রয়েছে মোট ৭৭টি। কিন্তু কাজ করছেন মাত্র ৩৪ জন। এর মধ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ দুটিও রয়েছে শূন্য। ভারপ্রাপ্ত দিয়েই চলছে এ দুটি গুরুত্বপূর্ণ পদসহ প্রতিষ্ঠানের আরও একাধিক পদ। পলিটেকনিক সূত্র মতে, এখানে মোট আটটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার। প্রতিষ্ঠানটির ৩৪ জন নিয়মিত শিক্ষকের পাশাপাশি ঘাটতি পূরণে মাত্র এক হাজার টাকা বেতনে অতিথি শিক্ষক রাখা হয়েছে আরও আটজন। সব মিলে শিক্ষকের সংখ্যা ৪২ জন। ফলে দুটি শিফট চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার শিক্ষকদের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, প্রতি সপ্তাহে একেক জন শিক্ষককে গড়ে ৪৫টি ক্লাস নিতে হয়। এতে শিক্ষকদের ওপর যেমন বাড়তি চাপ পড়ছে, তেমনি শিক্ষার্থীরাও তেমন উপকৃত হচ্ছে না। এ ছাড়া দ্বিগুণেরও বেশি দায়িত্ব পালন করেও সে অনুযায়ী বেতন না পাওয়ায় শিক্ষকদের মধ্যেও হতাশা বিরাজ করছে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে নতুন দুটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষক না থাকায় তাঁদের নিয়মিত ক্লাস হয় না। তাঁদের সিলেবাস শেষ না করেই পরীক্ষায় বসতে হয়। এমনকি শিক্ষক না থাকার কারণে ২০০৮-০৯ শিক্ষা বর্ষে ভর্তি বন্ধ রাখা হয়েছিল। শিক্ষক না নিয়েই আবার ভর্তি শুরু করা হয়েছে। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আইয়ুুব আলী স্বীকার করেন, প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর মারাত্মক সংকট চলছে। তিনি বলেন, কোনো শিক্ষক বা কর্মচারী অবসরে গেলে তাঁর জায়গায় আর কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না। খণ্ডকালীন শিক্ষক নিয়ে চালাতে বলা হচ্ছে। তিনি বলেন, অধ্যক্ষসহ অনেক পদই ভারপ্রাপ্ত দিয়ে চলাছে। তাঁদের পদোন্নতি প্রাপ্য হলেও দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে স্থানীয়ভাবে তাঁদের কিছুই করার সুযোগ নেই। সবকিছুই হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে।