রাজশাহী পুলিশ সুপারকে তাৎক্ষণিক বদলি
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রোকন উদ্দিনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার এক নারী কনস্টেবলকে শ্লীলতাহানির জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের জারি করা আদেশে বলা হয়েছে ‘কালকের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হলো’। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এ কথা জানান।পুলিশের সূত্র জানান, সম্প্র্রতি রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় এক নারী কনস্টেবলের শ্লীলতাহানি করেছেন বলে ডিবির উপপরিদর্শক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গত ১২ মার্চ ঘটনার পরই উপপরিদর্শক সাময়িকভাবে বরখাস্ত হন। সেই দিনই শফিকুর রহমানকে শারীরিকভাবে অসুস্থ দেখিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরের হাসপাতালে পাঠানো হয়।অভিযোগ ওঠে পুলিশ সুপার শফিকুর রহমানের পক্ষ নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘চিকিৎসকের পরামর্শে শফিকুর রহমানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’ পুলিশ সুপার শফিকুর রহমানের পক্ষ নেওয়ার কথা বলে ঘটনার দিনই ওই কনস্টেবল ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেন। ওই দিনই শফিকুলকে বরখাস্ত করা হলে বিষয়টি নিয়ে পুলিশে তোলপাড় হয়। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিবাস চন্দ্রকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে শফিকুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।তবে পুলিশ সুপারের বিরুদ্ধে ভুয়া ঠিকানা দিয়ে পাবনার এক ছেলেকে রাজশাহীর কোটায় কনস্টেবল পদে নিয়োগ দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। এ সব কারণেই পুলিশ সুপারকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে বলে সূত্রটি জানায়। এ ব্যাপারে সন্ধ্যায় পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, বুধবারের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন।