রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আজ শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলনায়তনের ভেতরে সব আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনের জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে মিলনায়তনের ভেতরে ঢুকতে পারেননি। সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে মিলনায়তনের মূল্যবান আসবাবপত্রগুলো পুড়ে যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপপরিচালক শেখ মো. মিজানুর রহমান বলেন, মধ্যরাতের কোনো একসময় বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্সিজেনের অভাবে আগুন দাউ দাউ করে জ্বলতে পারেনি। তবে ধীরে ধীরে মিলনায়তনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঝোলানো ফ্যানের ব্লেডগুলো গলে যায়। আসনগুলোর রেক্সিন পুড়ে গেছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মিলনায়তনের বৈদ্যুতিক সুইচগুলো বেশি পুরোনো হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।