রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ২ মার্চ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সিরাজুল করিম চৌধুরী এ কথা জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্নাতক পর্যায়ে এক হাজার ৫৪২ জনকে, স্নাতকোত্তর পর্যায়ে ২৪ জনকে, ছয়জনকে এমফিল ও একজনকে পিএইচডি ডিগ্রির সনদ দেওয়া হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তাঁদের সঙ্গে একজন অতিথির জন্য অতিরিক্ত দেড় হাজার টাকা করে দিতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শুরুর তারিখ ও বিস্তারিত নিয়মাবলি শিগগিরই গণমাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উপাচার্য জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ২০০০ সালের ১ জুন বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।