রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত অর্ধশতাধিক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জন পুলিশ, ২৫ জন ছাত্র, একজন শিক্ষক ও একজন সাংবাদিক। সংঘর্ষে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ও প্রথম আলোর আলোকচিত্রী আজাহার উদ্দিন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও রুয়েট সূত্র জানায়, আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের তড়িত্ কৌশল বিভাগ ঘোড়ার গাড়ি নিয়ে সমাপনী র্যালি বের করে। বাস টার্মিনালের কাছে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘোড়ার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে পড়ে কয়েকজন ছাত্র সামান্য আহত হয়। এরপর ছাত্ররা শ্যামলী বাস কাউন্টারে প্রতিবাদ জানাতে গেলে বাসশ্রমিক ও মালিকদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে ছাত্ররা রুয়েটে ফিরে আসে। বেলা দুইটার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা রুয়েটের গেটসংলগ্ন শ্যামলী বাস কাউন্টার ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ছাত্ররা ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা শুরু করে। পরে ছাত্ররা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পুলিশ আবার লাঠিপেটা শুরু করলে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে চলে যায়। ছাত্ররা রুয়েটের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। তারা রুয়েটের উপাচার্য সিরাজুল ইসলামের বাড়িতেও ইটপাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হয়।এখন ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রুয়েটে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।