রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবদুল আজিজ খান সজীবের মৃত্যুর পরে ২৯ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক ছাত্রদের এবং কাল দুপুরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। প্রতিপক্ষের হামলায় আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের কর্মী আবদুল আজিজ খান সজীব (২৫) আজ ভোরে মারা যান। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রুয়েট ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত সোমবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রনি এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব সকালের নাশতা করার জন্য ক্যাফেটেরিয়ায় যান। এ সময় সেলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব, পলাশ, জয়সহ ছয়-সাতজন তাঁদের কাছে গেলে প্রথমে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি ও সজীবকে তাঁরা লাঠি ও লোহার রোড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। নিহতের ভাই আলিম খান জানান, পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার সকালে আবদুল আজিজকে রুয়েট শাখা ছাত্রলীগের কর্মীরা লোহার রোড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বৃহস্পতিবার নিজ বাড়ির পাশে সাভারের হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আলীম খান বলেন, ছাত্রলীগ কর্মীরা সজীবের হাত, পা, মাথায় লোহার রোড, হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে জখম করেছিল। টানা চার দিন সে অচেতন ছিল। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, ১৪ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।