রাজশাহী বিভাগে ধর্মঘট প্রত্যাহার
শ্রমিকদের নিয়োগপত্র দেওয়াসহ আট দফা দাবি বাস্তবায়নে জন্য আজ বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া রাজশাহী বিভাগে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক নেতারা।আজ সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।আট দফা দাবি বাস্তবায়নে জন্য রাজশাহী বিভাগে ৭২ ঘণ্টার এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ শ্রমিক ফেডারেশন—রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সহজ শর্তে চালক লাইসেন্স প্রদান, মহাসড়কে পুলিশের পরিবহন চাঁদাবাজি বন্ধ, মহাসড়ক থেকে নসিমন-করিমন-ভটভটি অপসারণ ইত্যাদি।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ, শ্রম মন্ত্রণালয়, পুলিশ, বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ওই বৈঠকে রাজশাহী বিভাগের কয়েকজন শ্রমিক নেতাও উপস্থিত ছিলেন।