রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তাদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে। ১০ দফা দাবি মেনে নিয়ে পর্যায়ক্রমে বাকিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নেয়।আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকনেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। এর পরই যানবাহন চলাচল শুরু হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। বৈঠকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও রাজশাহী বিভাগের যুগ্ম শ্রম পরিচালকের অপসারণের দাবি মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেওয়া হলে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়। বৈঠকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশিদ হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মোজবা উদ্দিন চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি আবদুুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সাদরুল ইসলাম উপস্থিত ছিলেন।বেঁধে দেওয়া সময়ের মধ্যে ১০ দফা দাবি পূরণ না হওয়ায় রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘটের ডাক দেয় এবং সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করে। এর ফলে রাজশাহী বিভাগে বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে যাত্রীরা।