রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবিরের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে ছাত্রদল ও ছাত্রশিবির অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ক্যাম্পাসে আগে থেকেই ছাত্রলীগের অবস্থান থাকায় আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসে সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেন। শিবিরের কয়েকজন কর্মীকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দেখা গেলেও তাঁদের প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়নি। ছাত্রদলের একটি অংশকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অবস্থান নিতে দেখা যায় বলেও জানিয়েছেন তাঁরা। সকাল থেকেই ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের নেতৃত্বে ক্যাম্পাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে গিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে। পুলিশের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশ থেকে চার বহিরাগতকে আটক করেন। যাদের আটক করা হয়েছে তারা হলো নগরের ছোটবনগ্রাম এলাকার জুয়েল রানা (১৬), ইসমাইল ইসলাম (১৮), পুঠিয়া উপজেলার অলি আহম্মদ (১৯) ও তারিকুল হাসান (২১)। দুপুরের পর থেকে ছাত্রদল ও ছাত্রশিবির ক্যাম্পাস থেকে সরে যায়।নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ বলেন, আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও জানান, গতকাল সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল এবং নবাব আবদুল লতিফ হলে তল্লাশি চালায় পুলিশ। আবাসিকতা না থাকায় হবিবুর রহমান হল থেকে দুই শিক্ষার্থী এবং আবদুল লতিফ হল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সকালে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।