রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতার কক্ষে ছাত্রলীগের ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার কক্ষ ভাঙচুর করে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছেন একই সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে তাঁর সমর্থকেরা আজ রোববার দুপুরে এ কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনের নেতৃত্বে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সভাপতি শাহ মুহাম্মদ সেলিমের ২২৮ নম্বর কক্ষে যান। সেখানে তাঁরা টেবিল, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কক্ষের জিনিসপত্র বের করে বারান্দায় নিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে হলের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এবং পুলিশ আগুন নেভালেও জিনিসপত্র সব পুড়ে যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী বলেন, ‘সেলিমের কারণে বিভিন্ন সময় সংগঠনের ভাবমূর্তি ক্ষণ্ন হয়েছে। এ জন্য তাকে সাবধান হতে বলি।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর আজ সেলিম আমাকে ফোন করে খারাপ আচরণ করে। এরপর দলের কয়েকজন নেতা-কর্মী উত্তেজিত হয়ে তার কক্ষে হালকা ভাঙচুর করে। তবে বিষয়টি সমাধান করা হয়েছে।’শাহ মুহাম্মদ সেলিম বলেন, ‘কয় দিন থেকে সভাপতি আমাকে না জানিয়ে হলে অবস্থান করছেন। এ বিষয়ে সভাপতির কাছে জানতে চাইলে তাঁর কর্মীরা ক্ষুব্ধ হয়ে আমার কক্ষে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।’ বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়ার কথা শুনে হলে যাই এবং তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি।’ তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।