রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন প্রগতিশীল শিক্ষক সমাজ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে যোগ দিয়েছে ছাত্রলীগও।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ‘রাজাকারদের ফাঁসির দাবিতে গণমঞ্চ’-এ চলছে অবস্থান কর্মসূচি। প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সেখানে এসে একাত্মতা ঘোষণা করছেন। চলছে প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি।প্রতিটি কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় আন্দোলনের কর্মসূচি। সিনেট ভবনের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য মুহম্মদ নূরল্লাহ, প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম আবু বকর, শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন প্রগতিশীল শিক্ষক সমাজের নেতা শামসুদ্দীন ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক, অধ্যাপক সুজিত সরকার, পি এম সফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান প্রমুখ। বক্তারা কাদের মোল্লা থেকে শুরু করে সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।একই সময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অবস্থান কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা।বেলা সাড়ে ১১টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল রেব করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে সব যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে চলবে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।