রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে পেটালেন ছাত্রলীগ নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির গণশিক্ষা-বিষয়ক সম্পাদক রায়হান দুলাল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি এ এম জাহিদকে পিটিয়ে আহত করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা অবিলম্বে রায়হান দুলালকে গ্রেপ্তার এবং তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বিশ্ববিদ্যালয় থেকে দুলালের ছাত্রত্ব বাতিলসহ চার দফা দাবিতে এক প্রতিবাদ সভা করেছেন। দুপুরে প্রতিবাদ সভা শেষে একই দাবিতে সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।অভিযুক্ত রায়হান দুলাল এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাহিদ আমার পূর্ব পরিচিত এবং একসময় আমরা শহীদ হবিবুর রহমান হলে থাকতাম। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর কথাবার্তার একপর্যায়ে আমি উত্তেজিত হয়ে গেলে এ ঘটনা ঘটে।’ তিনি এ ঘটনার জন্য অনুতপ্ত বলে জানান।আহত জাহিদকে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। জাহিদ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বন্ধুবান্ধব ও সহকর্মীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে জাহিদ সোহরাওয়ার্দী হলের সামনে বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে বসে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগের বিগত কমিটির গণশিক্ষা-বিষয়ক সম্পাদক রায়হান দুলাল জাহিদের কাছে চলতি বছরের ১৮ আগস্ট এবং ২০০৯ সালের ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং তাঁকে (দুলাল) নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশের কারণ জানতে চান। একপর্যায়ে দুলাল জাহিদের ওপর চড়াও হয়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং বাঁশের লাঠি দিয়েও জাহিদকে পিটিয়ে আহত করেন।এ সময় জাহিদের বন্ধু ও কয়েকজন সাংবাদিক এবং অন্যরা মিলে জাহিদকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির সভাপতি আওয়াল কবির বলেছেন, ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের কমিটি না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।