রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ ছাত্রশিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা ও মির্জাপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ছয়জন কর্মীকে আটক করেছে নগরের মতিহার থানার পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নূরুদ্দীন ও সোহেল রানা, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ ও আবদুল হাই সিদ্দিক, তৃতীয় বর্ষের শিমুল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফিরোজ হোসেন।মতিহার থানা সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলায় পৌঁছলে ফিরোজ ছাড়া শিবিরের ওই পাঁচ কর্মীকে পুলিশ আটক করেন। আর ফিরোজকে গতকাল রাতে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দেব জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবির হলে হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় এবং ফারুক হোসেনকে নির্মমভাবে হত্যাসহ ছাত্রলীগের চারজন কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। শিবিরের হামলায় পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী আহত হয়। এ ছাড়া ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত ছাত্রলীগ নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় একটি খুনসহ ১৪টি মামলা হয়। মামলাগুলোতে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলমসহ দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আত্মগোপনে আছে।