রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল প্রকাশ্যে অবস্থান নিতে শুরু করেছে। কিন্তু আগে থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান থাকায় আধিপত্য বিস্তার নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ইতিমধ্যে আবাসিক হল ছেড়েছেন কেউ কেউ।গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রশিবির। এর আগে গত রোববার শিবিরের পাশাপাশি ছাত্রদলও ক্যাম্পাসে মহড়া দেয়। সিটি নির্বাচনে ১৮-দলীয় জোটের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেনের বিজয় নিশ্চিত হওয়ার পর গত শনিবার গভীর রাতেই ক্যাম্পাসে মিছিল করে ককটেলের বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করেন শিবিরের কর্মীরা। পরে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে শিবিরের কর্মীরা একত্র হয়ে পুরো ক্যাম্পাসে মহড়া শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই মহড়া শেষে দুপুর ১২টার দিকে শিবিরের নেতা-কর্মীরা শহীদুল্লাহ কলাভবনের সামনে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান শিবিরের কর্মীদের সেখান থেকে যাঁর যাঁর ক্লাস-সেমিনারে চলে যেতে বললে তাঁরা স্থান ত্যাগ করেন। এ সময় পুলিশের ৮-১০টি গাড়ি ক্যাম্পাসে টহল দিতে দেখা যায়। বেলা একটার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহ্মঞ্চদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা টুকিটাকি চত্বরে অবস্থান নেন।শিক্ষার্থীরা বলেন, রোববার দুপুরে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলমের নেতৃত্বে সংগঠনের কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেন। একই দিন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেঞ্চদ ও আরেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে পৃথক মহড়া দেন।ক্যাম্পাসে অবস্থানকারী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসে শিবিরের ককটেল বিস্ফোরণ ও মহড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিভিন্ন আবাসিক হল থেকে কয়েকজন শিক্ষার্থী চলে গিয়ে ছাত্রাবাসে উঠেছেন।জানতে চাইলে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিপন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিবির ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। যেকোনো সময় সরকার-সমর্থিত ছাত্র সংগঠনের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এখন প্রশাসনকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহ্মঞ্চদ আলী বলেন, ‘রাতের বেলা শিবির মিছিল করে ককটেল ফাটাচ্ছে। প্রকাশ্যে মহড়া দিয়ে আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত।’যোগাযোগ করা হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেঞ্চদ বলেন, ‘ছাত্রদল সহিংসতার রাজনীতি করে না। ছাত্র সংগঠন হিসেবে আমরা সহাবস্থান নিশ্চিত করতে চাই।’সিটি করপোরেশনের নির্বাচনের প্রভাব বিশ্ববিদ্যালয়ে পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘নির্বাচনে জয়লাভের পর তারা ক্যাম্পাসে এসেছিল। এ ধরনের মহড়া ক্যাম্পাসে নিষিদ্ধ। আমরা তাদের সতর্ক করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। এর পরও কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ বলেন, ‘কেউ বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে চাইলে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত।’