রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পাদকের রগ কাটল শিবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ডান হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাওন সরকার ডান হাতে গুলিবিদ্ধ হন। ছাত্রলীগের অভিযোগ, ছাত্রশিবিরের ক্যাডাররা এ হামলা চালিয়েছে।তৌহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলে ছাত্রলীগের আলোচনা সভা ছিল। ওই সভা শেষে রাত ১০টার দিকে পাঁচ-সাতজন নেতা-কর্মীকে নিয়ে মাদার বখশ হলের দিকে যাচ্ছিলেন তৌহিদ। এ সময় ৮-১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। অন্ধকারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তৌহিদের ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান কানের কাছে জখম হয়েছে। একই সময় গুলি করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাদের ছোড়া গুলি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাওনের ডান হাতে লাগে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা দুই নেতাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালে দুই নেতার শরীরে অস্ত্রোপচার চলছিল। হামলার সময় তৌহিদের সঙ্গে ছিলেন ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, মোটরসাইকেলে করে শিবিরের ১০-১২ জন কর্মী এসে ককটেলের বিস্ফোরণ ঘটনায় এবং গুলি চালায়। একপর্যায়ে তারা তৌহিদকে উপর্যুপরি কোপায়।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান দাবি করেন, ‘রাতের অন্ধকারে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তৌহিদের ওপর হামলা চালিয়ে তাঁর হাত-পায়ের রগ কেটে দিয়েছে।’অভিযোগের ব্যাপারে জানতে রাত পৌনে ১১টার দিকে চেষ্টা করেও ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ও প্রচার সম্পাদক জিয়াউদ্দিন হাসিবের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’ গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে মিজানুর রহমানকে সভাপতি এবং এস এম তৌহিদ আল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।