রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় সংগঠনের ছয় কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বোর্ড (ডিসিপ্লিনারি বোর্ড) বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বহিষ্কৃত ছাত্ররা হলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের লুত্ফর রহমান, সমাজকর্ম বিভাগের জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের তৌফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমিন ও মনোবিজ্ঞান বিভাগের মশিউর রহমান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর ও সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মী নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি ছাত্রলীগের ছয় কর্মীকে অভিযুক্ত করে গত বৃহস্পতিবার উপাচার্য বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্রলীগের এই ছয় কর্মীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস বলেন, সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে ছাত্রলীগের অভিযুক্ত ছয় কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে বিশেষ খাবারের অতিরিক্ত টোকেন নেওয়ার বিরোধিতা করায় অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা নাসরুল্লাহ নাসিমকে মারধরের পর হলের দোতলা থেকে নিচে ফেলে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নাসিম মারা যান।