রাজশাহী বিশ্ববিদ্যালয়: সামাল দিতে আসার পথে প্রাণ হারালেন ৬ পুলিশ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পুলিশের ছয় সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পুলিশ সদস্যরা বগুড়া ব্যাটালিয়ন থেকে রাজশাহী আসছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই তাঁরা আসছিলেন।আজ বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের তকিয়ার ঢালান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে আর্মড পুলিশ সদস্যদের বহনকারী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের এ বাসটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। এ দিকে বগুড়া আর্মড পুলিশের ট্রাকে চালকসহ মোট ২৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপর এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে দুজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের কাছে থাকা বেশ কয়েকটি রাইফেলের বাঁট ভেঙে গেছে।ঘটনার পর পরই রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান এবং নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।