রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পেশা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আইন পেশার মানোন্নয়ন ঘটানোসহ এ পেশার সার্বিক দিক নিয়ে ১৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এক অ্যাডভোকেসি ওয়ার্কশপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা)’ যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে আইন পেশার মানোন্নয়নসহ এ পেশার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরিচালনা করা হয় বিভিন্ন অধিবেশন। আর এসব কর্মসূচিতে অংশ নেন রুলার সভাপতি অ্যাডভোকেট রকিবুল হক মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর, সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট ফয়সাল হাসান, সাখাওয়াত হোসেন, রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিমুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর প্রমুখ। অ্যাডভোকেসি ওয়ার্কশপ শুরুর আগে একই স্থানে আইন ও বিচার বিভাগের বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আইন অনুষদের ডিন এম আনিসুর রহমান ছাড়াও বিভাগের সাবেক অধ্যাপক আ ফ ম মহসিন, একই বিভাগের অপর সাবেক অধ্যাপক এ বি সিদ্দিক, প্রভাষক তাপস কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।এ অ্যাডভোকেসি ওয়ার্কশপ প্রসঙ্গে আইন অনুষদের ডিন এম আনিসুর রহমান জানান, আইন বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যতে আইন পেশায় নিয়োজিত হতে উত্সাহ দেওয়ার পাশাপাশি আইন পেশার সার্বিক মানোন্নয়ন ঘটাতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।