রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনের ফটকের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে শিক্ষার্থীরা ঈসমাইল হোসেন সিরাজী ভবনে ক্লাস করতে যাওয়ার সময় ভবনের ফটকের পাশে একটি ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি দেখতে পান। পরে তাঁরা এ বিষয়ে অবহিত করলে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলটি উদ্ধার করে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, কে বা কারা এবং কোন উদ্দেশ্যে ককটেলটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।