রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি আশরাফুজ্জামান সোহেলকে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে কর্মী আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল রানা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। তাঁরা হলেন সংগঠনের সহসভাপতি আখেরুজ্জামান ওরফে তাকিম ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন।মামলা দায়ের: মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান বাদী হয়ে আজ মামলা করেন। মামলায় বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, ওই মামলায় আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি থেকে সহসভাপতি আখেরুজ্জামান ওরফে তাকিম ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনকে বহিষ্কার করা হয়েছে।তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজন নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছিলেন বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।প্রতিবাদ-সমাবেশ: সোহেল রানার মৃত্যুর প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করবেন। সোহেল রানা সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের কর্মী সোহেল রানা গতকাল দুপুরে মারা যান।