রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ শিবিরের তিন নেতাকে আটক করেছে মতিহার থানা পুলিশ।আজ বুধবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন অক্ট্রয়ের মোড় এলাকার চেতনা ছাত্রাবাস থেকে তাঁদের আটক করা হয়।শিবিরের আটক করা নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম ওরফে ইমন, শিবিরের সদস্য ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও শিবিরের সদস্য মিজানুর রহমান।এদিকে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজন আটক হওয়ার খবরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর ও কাজলা এলাকায় ঝটিকা মিছিল বের করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলে থাকা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল শেষ করে চলে যান বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ শিবিরের তিন নেতাকে আটকের ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, আটক হওয়া ওই তিনজনের বিরুদ্ধে মতিহার থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এ ছাড়া ছাত্রশিবিরের যেসব নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা ও অভিযোগ রয়েছে তাঁদের আটক করতে পুলিশ প্রশাসন তত্পর রয়েছে।