রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ে জড়িত অভিযোগে ৩ ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের তিন ছাত্রকে আটক করেছে মতিহার থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ছাত্ররা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হানিফ, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আলম এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহারুল কাওসার। মতিহার থানা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান গতকাল রাত সাড়ে আটটার দিকে ব্যক্তিগত কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠ দিয়ে কাজলায় তাঁর ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় তারা মেহেদীর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মেহেদী মতিহার থানায় অভিযোগ করলে পুলিশ সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন। এ সময় পুলিশ এ তিনজনকে আটক করে। আটক ছাত্ররা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির ক্রীড়া সম্পাদক আহমেদ আলী ও ছাত্রলীগের কর্মী এরশাদুল হক দাবি করেন, মাদকের টাকা সংগ্রহ করতে অনেকেই ছাত্রলীগের নাম করে ক্যাম্পাসে প্রতিনিয়ত ছিনতাই করে। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে ক্যাম্পাসে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।