রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ’ নামের একটি সংগঠন আছে, যা সংক্ষেপে প্রগতিশীল শিক্ষকসমাজ নামে পরিচিত। আওয়ামী লীগ ও বাম ঘরানার ৫৮৫ শিক্ষক ওই সংগঠনের নিবন্ধনভুক্ত সদস্য। ২১ জনের নির্বাচিত স্টিয়ারিং কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে এম আবদুস সোবহান যখন চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পান, তখন তিনি ওই সংগঠনের নেতা ছিলেন। তাঁর নিয়োগকে স্বাগত জানিয়েছিলেন প্রগতিশীল শিক্ষকেরা। তিন বছর পর আবদুস সোবহানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের ওপর ওই শিক্ষকেরাই এখন ক্ষুব্ধ। সংবাদ সম্মেলনসহ প্রকাশ্যে তাঁরা উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলছেন। তা ছাড়া বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্য কিছু লোককে প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে একটি আলাদা ‘বলয়’ সৃষ্টি করেছেন। বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষক নিয়োগের সময় বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়েছেন। শিক্ষকেরা জানান, বতর্মান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত প্রায় পৌনে ৩০০ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপিত পদের চেয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আর এসব অতিরিক্ত নিয়োগ হয়েছে ‘অনিয়ম’ করে। অনিয়ম কী রকম জানতে চাইলে অভিযোগকারী শিক্ষকেরা বলেন, অতিরিক্ত শিক্ষক নিয়োগের সময় হয়তো নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণী পাওয়া প্রার্থীকে নেওয়া হয়েছে। কিন্তু বাকিদের বেলায় কম যোগ্য প্রার্থীও নিয়োগ পেয়েছেন। প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে বিজ্ঞাপিত পাঁচটি পদের বিপরীতে ১২ জন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে দুটি পদের বিপরীতে ছয়জন, অর্থনীতি বিভাগে ছয়টি পদের বিপরীতে নয়জন, ফার্মেসি বিভাগে পাঁচটি পদের বিপরীতে নয়জন, নৃবিজ্ঞান বিভাগে ছয়টি পদের বিপরীতে নয়জন, দর্শন বিভাগে চারটি পদের বিপরীতে সাতজন, লোকপ্রশাসন বিভাগে পাঁচটি পদের বিপরীতে আটজন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে চারটি পদের বিপরীতে ছয়জন, ব্যবস্থাপনা বিভাগে চারটি পদের বিপরীতে সাতজনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া গ্রন্থাগার ও তথ্যব্যবস্থাপনা, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এনিমেল হাজবেন্ড্রি, কম্পিউটার সায়েন্স, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফোকলোর, চারুকলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি ও ইতিহাস বিভাগেও বিজ্ঞাপিত পদের চেয়ে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।সাধারণত এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত চারটি প্রথম শ্রেণী পাওয়া প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের সময় অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু কয়েকটি বিভাগে তিনটি এমনকি দুটি প্রথম শ্রেণী থাকা প্রার্থীকেও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাণিবিদ্যা বিভাগে দুটি প্রথম শ্রেণী থাকা প্রার্থীকে শিক্ষক করা হয়েছে। তবে এই প্রার্থী পিএইচডি ডিগ্রি থাকায় অগ্রাধিকার পেয়েছেন বলে জানা গেছে। পদার্থবিজ্ঞান বিভাগে বিশ্বদ্যািলয়ের ছাত্র থাকা অবস্থায় পরীক্ষায় নকল করে ধরা পড়া এক প্রার্থীকেও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। শিক্ষক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে উপাচার্য আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, অভিযোগ যে কেউ করতেই পারেন। তবে তা কতটুকু যুক্তিযুক্ত ও ন্যায়সংগত, তা বিচার-বিশ্লেষণ করা দরকার। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে উপাচার্য বলেন, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়ায় ও শূন্যপদ থাকায় নিয়োগ বোর্ডের সর্বসম্মতিক্রমে বিধি মোতাবেক কিছু বিভাগে বিজ্ঞাপিত পদের চেয়ে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আবার বেশ কিছু বিভাগে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় বিজ্ঞাপিত পদের চেয়েও কম শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে মনে করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন জ্যেষ্ঠ শিক্ষক আইন ভঙ্গের একটি উদাহরণ টেনে বলেন, ‘এ প্রশাসনের আমলে সমাজবিজ্ঞান বিভাগে একবার দুজন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে নেওয়া হলো ছয়জন। এটা কি আইনভঙ্গ করা নয়?’ গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ হারায়। এ নির্বাচনের পর প্রগতিশীল শিক্ষকদের একটি অংশ প্রকাশ্যেই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। নির্বাচনের পর তাঁরা সংবাদ সম্মেলন করে পরাজয়ের জন্য প্রশাসনকে দায়ী করেন। প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক শাহ নওয়াজ আলী বলেন, ‘বর্তমান উপাচার্য একটি গোষ্ঠীর হাতে জিম্মি। তাঁর কারণেই আজ আমাদের দলসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি আমরা সরকারকে জানাব।’তবে সংবাদ সম্মেলনের পর উপাচার্যের পক্ষের অংশটি বিবৃতি দিয়ে প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়কসহ কয়েকজনকে দোষারোপ করেন। এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর একটি অংশ পরিচালিত হচ্ছে প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলীর নেতৃত্বে, যেখানে আছেন প্রগতিশীল শিক্ষকসমাজের ২১ জনের স্টিয়ারিং কমিটির বেশিসংখ্যক সদস্য। অপর অংশটি পরিচালিত হচ্ছে প্রগতিশীল শিক্ষকসমাজের স্টিয়ারিং কমিটির নয়জন সদস্যের নেতৃত্বে এবং তাঁরা উপাচার্যপন্থী নামে পরিচিতি।নির্বাচনে পরাজয়ের বিষয়ে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত স্টিয়ারিং কমিটির সদস্য আনন্দ কুমার সাহা বলেন, প্রগতিশীল শিক্ষকসমাজের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটি হয়েছে। উপাচার্য এখানে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রগতিশীল শিক্ষকসমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক সুলতান উল ইসলাম বলেন, ‘আমরা আশা করি, যাঁরা বিশ্ববিদ্যালয় চালাবেন তাঁরা ’৭৩-এর অধ্যাদেশের আলোকে চলবেন। কিন্তু দেখা যাচ্ছে কারও ব্যক্তিগত ইচ্ছায় বা নিজস্ব বলয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে।’