ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে ১২ জানুয়ারি চারুকলা চত্বরে অনুষ্ঠিত হয় পিঠা উত্সব-২০১০। এ উপলক্ষে চারুকলা চত্বরে নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান আনুষ্ঠানিকভাবে উত্সবের উদ্বোধন করেন। এ সময় চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পিঠা উত্সবে ডালপাকুয়ান, পুষ্পকলি, পাটিশাপটা, ছাঁচ, নকশি, তেল, অর্ধচন্দ্রসহ শতাধিক রকমের পিঠা স্থান পায়। উত্সবে আসা আরাফাত কবির, এস এম রকিবুল হক, সিদ্দিকা শিমুলসহ আরও অনেকে জানান, এ আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে। উত্সবটি উপভোগ করতে পেরে তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানান।এ প্রসঙ্গে চারুকলা বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, ‘এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে লালন-পালন ও ধারণ করতে পারি।’