রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানে জিহাদি বই ও লোহার রড উদ্ধার, শিবিরের ৫ কর্মী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও জিয়াউর রহমান হলে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচ হাজারেরও অধিক জিহাদি ও ইসলামি বই, রড, পাথর, সিল, কাগজপত্রসহ ছাত্রলীগের কর্মীদের নামের তালিকা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের উপস্থিতিতে মতিহার থানা পুলিশ ওই সব হলে তল্লাশি চালায়।এর আগে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাদার বখ্শ ও হবিবুর রহমান হলে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুলসংখ্যক জিহাদি ও ইসলামি বই, ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, লোহার রড, লাঠিসোঁটা, পাথরসহ ওই সব হলে অবস্থানরত ছাত্রলীগের কর্মীদের নামের তালিকা উদ্ধার করে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শহীদ শামসুজ্জোহা হলে তল্লাশি শুরু হয়। পুলিশ ওই হলের ২০৭ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে সন্ধান পায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান স্মৃতি পাঠাগারের। ২০৭ নম্বর কক্ষে স্থাপিত ওই ‘পাঠাগার’ থেকে পুলিশ পাঁচ হাজারের মতো জিহাদি ও ইসলামি বই, সিডি, চাঁদা আদায়ের রসিদ, ছাত্রশিবিরের ছবির অ্যালবাম, সিলসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে। সিলে লেখা ছিল ‘শহীদ শরিফুজ্জামান স্মৃতি পাঠাগার’। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানি গত বছরের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে নিহত হন।২০৭ নম্বর কক্ষে তল্লাশি শেষে পুলিশ ওই হলের ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ১৪৪, ২০৯, ২২৯, ২৩১ এবং ২৪৯ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে আরও প্রায় ২৫টি জিহাদি ও ইসলামি বই উদ্ধার করে। পরে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ২৫০ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে ওই হলে অবস্থানরত ছাত্রলীগের সাতজন কর্মীর নাম-সংবলিত তালিকা উদ্ধার করে। এ তালিকায় ছাত্রলীগের কর্মী আলী রেজা ফারুক, চন্দন চন্দ্র হাওলাদার, ওমর ফারুক, মাহবুবুর রহমান, ইকবাল হোসেন, আনিসুর রহমান ও খায়ের মাহমুদের নাম রয়েছে।শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মর্তুজা খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শামসুজ্জোহা হলে তল্লাশি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ১৩৫ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে একটি লোহার রড ও বেশ কিছু লাঠিসোঁটা উদ্ধার করে। ওই কক্ষে থাকতেন জিয়াউর রহমান হল শাখার শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। পরে ওই হলের ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ২০৩, ২০৬, ৩০৬ ও ৪১০ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিহাদি ও ইসলামি বই, ছাত্রশিবির প্রকাশিত বেশ কিছু ক্যালেন্ডার ও পোস্টার উদ্ধার করা হয়।তল্লাশি শেষে শামসুজ্জোহা হল ও জিয়াউর রহমান হলের ওই সব কক্ষ সিলগালা করে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়, হল প্রশাসনসহ পুলিশ প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের আরও পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকা থেকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত শনিবার রাতে এবং আজ রোববার তাঁদের আটক করেন। রুয়েটের শিক্ষার্থী আল আমিন, ফয়সালসহ আরও অনেকে জানান, শনিবার রাত নয়টার দিকে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু জাহিদ এবং তড়িেকৗশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোরশেদ আলম ও শামীম আহমেদকে পুলিশ আটক করে। জাহিদকে রুয়েটের আবদুল হামিদ হল থেকে এবং খোরশেদ আলম ও শামীম আহমেদকে শহীদ সেলিম হল থেকে আটক করা হয়। আটক জাহিদ, খোরশেদ ও শামীম রুয়েট শাখা ছাত্রশিবিরের কর্মী বলেও তাঁরা উল্লেখ করেন।এদিকে শনিবার রাতে র্যাব-৫-এর রাজশাহীর সদস্যরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে আবদুর রশিদ নামের স্থানীয় এক শিবির ক্যাডারকে আটক করেন।অন্যদিকে আজ রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ ওরফে শাহিন নামে শিবিরের এক কর্মীকে পুলিশ আটক করে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক ছাত্রশিবিরের কর্মীদের থানায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন খুন হন। আহত হন পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী। হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় ছাত্রলীগের তিন কর্মীর। হতাহত করা ছাড়াও ওই রাতে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা ছয়টি মামলায় রাজশাহী মহানগরের তিন জামায়াত নেতাসহ শতাধিক জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।