রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ছয় পুলিশ নিহত
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে নাটোর-রাজশাহী মহাসড়কে গতকাল মঙ্গলবার পুলিশের একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ছয় সদস্য মারা গেছেন। এ ছাড়া ১৯ পুলিশসহ আরও ২৯ জন আহত হয়েছে।নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে এপিবিএনের ২৫ সদস্যকে নিয়ে একটি ট্রাক বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকটি কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পৌঁছায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী দিগন্ত পরিবহনের একটি বাস একটি মহিষের গাড়িকে পাশ কাটিয়ে ওঠার সময় ট্রাকটির মাঝ বরাবর ধাক্কা দেয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের ভেতরে ঢুকে যায়। এতে আর্মড পুলিশের হাবিলদার শাহেদুল ইসলাম (৩৪), আনিছুর রহমান (৫২), ফিরোজ খান (৫৫) এবং নায়েক হাফিজার রহমান (৩৪) ও কনস্টেবল নাজমুল হোসেন (২২) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাবিলদার শাহীন হোসেন (৩৪)। নিহত শাহেদুলের বাড়ি চট্টগ্রামে, আনিছুর ও ফিরোজের বাড়ি টাঙ্গাইলে, নাজমুলের বাড়ি গাইবান্ধায় এবং হাফিজারের বাড়ি বগুড়া জেলায়। অন্য দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।দুর্ঘটনায় পরিদর্শক গিয়াস উদ্দিনসহ আর্মড পুলিশের ১৯ জন ও বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর নাটোর, রাজশাহী ও পুঠিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। এ সময় নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গতকাল সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ও আহতদের খোঁজখবর নিতে নাটোর পুলিশ লাইনে যান।আহত কনস্টেবল রাশেদ জানান, বগুড়া ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স থেকে পরিদর্শক গিয়াস উদ্দিনের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাঁদের পাঠানো হচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে এলে হঠাত্ বিকট শব্দ হয় এবং তিনি ট্রাক থেকে ছিটকে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাত্ বাসটি পুলিশের ট্রাকটিকে ধাক্কা দেয়।’এসপি রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ও ২৩টি আগ্নেয়াস্ত্র নাটোর সদর থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।