রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আজ মঙ্গলবার সকালে মুজাহিদুল ইসলাম নামের এক ছাত্রশিবিরের কর্মীকে পুলিশ আটক করেছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়। মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিবিরকর্মী মুজাহিদ বিজনেস স্টাডিজ বিভাগের গ্রেডিং বৈষম্যের প্রতিবাদে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী তাঁকে আটক করে মতিহার থানার পুলিশের কাছে সোপর্দ করে।ছাত্রলীগের কর্মী রেদোয়ান আহমেদসহ দলের কয়েকজন কর্মী জানায়, গত ৮ ফেব্রুয়ারির ঘটনায় মুজাহিদ সরাসরি জড়িত ছিল। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত শিবিরকর্মী মুজাহিদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।