রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের ৮ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আটজন কর্মীকে আজ সোমবার আটক করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের সবাই ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টা থেকে শহীদুল্লাহ কলা ভবনের ৪০৭ ও ৪১০ নম্বর কক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০০৬-২০০৭) চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। হল দুটিতে শিবিরের ১০-১৫ জন কর্মী পরীক্ষা দিচ্ছেন বলে খবর পেয়ে পুলিশ কলা ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। তখন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিপুলসংখ্যক নেতা-কর্মীও অবস্থান নেন। পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কর্মীরা শিবিরের কর্মী ফারুক, করিম ও বায়োজিদকে আটক করে। এরপর তাঁদের পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ এ সময় সেখান থেকে শিবিরের কর্মী হাসান-উজ্জামান, শামীম, আবুল কালাম, হাবিবুল্লাহ ও ইসহাককে আটক করে। পরে তাঁদের মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, শিবিরকে যেকোনো মূল্যে প্রতিহত করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। শিবিরের তিনজন কর্মীকে মারধরের বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কর্মীদের মারধর করে থাকতে পারেন।এ ব্যাপারে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, আটক শিবিরের কর্মীদের পুলিশে দেওয়া হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিবিরের আটক কর্মীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এঁদের কারও বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হয়। তা ছাড়া ছাত্রশিবির ওই রাতে হামলা চালিয়ে পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মীকে আহত করার পাশাপাশি ছাত্রলীগের অনেক কর্মীর কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। ছাত্রশিবিরের বিরুদ্ধে এসব ঘটনায় ছাত্রলীগের দায়ের করা একাধিক মামলায় পুলিশ গত চার মাসে ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার পর থেকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে।