রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার দিবাগত গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আহত এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। আহত দুই ছাত্র হলেন, গ্রন্থাগারবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্র মেহেদী হাসান ও ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুষার কান্ত। তাঁরা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।মেহেদী ছাত্রলীগের সমর্থক বলে জানা গেছে। তুষার হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে অনেকে দাবি করলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।পুলিশ ও হল সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে হলের টিভিরুমে অলিম্পিকের খেলা দেখার সময় নিজের সমর্থিত দল ভালো খেলায় তুষার হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ওই হলের এক শিক্ষার্থী হারুন-আর-রশিদ সবার সামনেই তুষারকে গালিগালাজ করেন। তুষার এর প্রতিবাদ করলে হারুন তাকে মারধর করেন। এ ঘটনার জের ধরে গতকাল দিবাগত রাত তিনটার দিকে পাঁচ-ছয়জন সঙ্গী নিয়ে তুষার ২৩৪ নম্বর কক্ষে হামলা চালান। এ সময় হারুনের রুমমেট মেহেদী বেরিয়ে এলে তাঁকে রামদা দিয়ে কোপাতে শুরু করেন তুষার। আহত হয়ে মেহেদী মাটিতে লুটিয়ে পড়লে তুষার পালিয়ে যান। পরে হারুনের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী তুষারকে লোহার রড দিয়ে বেদম মারধর করেন। খবর পেয়ে পুলিশ আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে হারুনকে ধরার জন্য হলে তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে হল থেকে হাঁসুয়া, হাতুড়ি, রডসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তুষারের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। ব্যক্তিগত শত্রুতার জের ধরে এটা ঘটেছে। ছাত্রলীগের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, ২৩৪ ও ২৩৫ নম্বর কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি মামলা করার প্রস্তুতি চলছে।